![]()
ইবি রিপোর্ট
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটবোঝাই একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে গেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে রাস্তার পাশে পার্কিং করা ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়েন। এরপর দ্রুত সেখান থেকে চলে যান তাঁরা। আগুন জ্বলতে দেখে ট্রাক ও পাশের আরেকটি ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ট্রাকচালক মামুন জানান, তাঁরা চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে নারায়ণগঞ্জে এসেছিলেন। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্কিং করে চালকরা ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর আগুন লাগার খবর পেয়ে ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ট্রাকে থাকা ঝুটসহ সব মালামাল পুড়ে যায়।
শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ট্রাকটিতে ওয়েস্টেজ ঝুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা পানি শেষ হয়ে যায়। পরে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আগুন দেখতে পায়। কারা এবং কী কারণে ট্রাকে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পেট্রোলবোমা নিক্ষেপের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ।
পাঠকের মন্তব্য