![]()
বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। আয়োজক সংস্থা ফিফা আশা করছে, টিকিটের আকাশছোঁয়া মূল্য, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ঘিরে থাকা বিতর্ক ছাপিয়ে মাঠের ফুটবলই শেষ পর্যন্ত বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মন জয় করবে।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় ও বিস্তৃত আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে লাখ লাখ সমর্থক তিন স্বাগতিক দেশে ভিড় জমাতে শুরু করেছেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। স্বাগতিক মেক্সিকো স্থানীয় সময় বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়। প্রায় ছয় সপ্তাহব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে।
বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়গুলোর একটি হলো তারকাদের ভবিষ্যৎ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসি কি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতিয়ে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্কে শেষ কথা বলবেন? নাকি ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা এনে নতুন ইতিহাস গড়বেন? আবার হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ড কি ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে? এসব প্রশ্নের উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আসরকে আখ্যা দিয়েছেন “পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া প্রদর্শনী” হিসেবে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নানা বিতর্ক তার এই আশাবাদকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
বিশেষ করে টিকিটের মূল্য নিয়ে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার। অথচ ২০২৬ বিশ্বকাপে ফিফার বিক্রি করা সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম পৌঁছেছে ৩২ হাজার ৯৭০ ডলারে। ফলে সাধারণ সমর্থকদের বড় একটি অংশ এই আয়োজন থেকে কার্যত দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
টিকিটের মূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের টিকিট ১ হাজার ডলার পর্যন্ত পৌঁছানোর তথ্য শুনে তিনি মন্তব্য করেন, “সত্যি বলতে, আমিও এত টাকা দিয়ে টিকিট কিনতাম না।”
এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবও বিশ্বকাপে পড়েছে। ইরান জাতীয় দলের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের বেশ কয়েকজন কর্মকর্তা ও প্রশাসনিক সদস্য ভিসা পাননি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তেহরান অসন্তোষ প্রকাশ করেছে এবং একে বৈষম্যমূলক আচরণ হিসেবে অভিহিত করেছে।
এবারের আসরে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। ফলে গ্রুপ পর্বে ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হবে ৭২টি ম্যাচ, যেখানে মাত্র ১২টি দল বিদায় নেবে। বাকি ৩২টি দল নকআউট পর্বে জায়গা করে নেবে।
বিশ্বকাপে থাকছে বেশ কিছু নতুন নিয়মও। তীব্র গরম ও আর্দ্রতার কথা বিবেচনায় রেখে প্রতিটি ম্যাচে দুই অর্ধের মাঝামাঝি সময়ে কুলিং ব্রেক রাখা হয়েছে। এছাড়া সময় নষ্ট রোধে খেলোয়াড় পরিবর্তনের পুরো প্রক্রিয়া ১০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা থাকবে।
বর্ণবাদবিরোধী নীতির অংশ হিসেবে মাঠে সংঘর্ষের সময় কোনো খেলোয়াড় যদি মুখ ঢেকে রাখেন, তবে তাকে শাস্তির মুখে পড়তে হতে পারে। এ ক্ষেত্রে লাল কার্ড দেখানোর বিধানও রাখা হয়েছে।
সবশেষে, আগামী মাসে অনুষ্ঠিতব্য ফাইনালেও থাকছে নতুনত্ব। প্রথমবারের মতো সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এতে ম্যাডোনা, শাকিরা ও বিটিএস-এর পরিবেশনার কথা রয়েছে। ফলে প্রচলিত ১৫ মিনিটের বিরতির পরিবর্তে ফাইনালের হাফটাইম প্রায় ২৫ মিনিট দীর্ঘ হতে পারে।
সব বিতর্ক ও আলোচনার কেন্দ্রে থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের আসল আকর্ষণ থাকবে সবুজ মাঠেই। আগামী কয়েক সপ্তাহে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে সেই মহারণের দিকে।
পাঠকের মন্তব্য