![]()
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ‘দুর্ঘটনাজনিত’ বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক নাহিদা ইয়াসমিন।
তিনি জানান, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা ও ছয়জন সদ্য জন্ম নেওয়া শিশু ভর্তি ছিলেন। শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিনের মধ্যে। সিজারের পর সাধারণত মা ও নবজাতকদের ওই ওয়ার্ডে রাখা হয়।
অধ্যাপক নাহিদা ইয়াসমিন বলেন, এটি একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ওয়ার্ড হওয়ায় রোগী ও স্বজনদের কেউ কেউ অতিরিক্ত ঠান্ডার অভিযোগ করে এসি বন্ধ রাখার অনুরোধ করেন। রাতের মধ্যে দুটি শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর রাত তিনটার দিকে শিশুদের স্থিতিশীল বলে জানান এবং পরে তাদের আবার ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়।
তবে ভোর ছয়টার পর দায়িত্বরত নার্স ও মায়েরা দেখতে পান, ছয় শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পরে দ্রুত তাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হলে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চার শিশুকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে নবজাতকদের মৃত্যুর কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে সিআইডিসহ পুলিশ সদস্যরা। শেখ জাহিদুল ইসলাম বলেন, ভোরে হঠাৎ ছয় নবজাতকের মৃত্যু হয় এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে সিআইডির একটি দল কাজ করছে। অন্যান্য পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন বলে জানান তিনি।
পাঠকের মন্তব্য