![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। এ বক্তব্যের জন্য তিনি ওই ব্যক্তির প্রতি ধিক্কার জানান। তাঁর ভাষায়, এ দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব দেশের মানুষের অহংকার। বাংলাদেশের ভূখণ্ডের এক ইঞ্চি মাটিতেও কারও হস্তক্ষেপ করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন এবং দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ।
ভারতের ওই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, নিচের পর্যায়ের কোনো কর্মী এমন বক্তব্য দিলে হয়তো বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা হতো। কিন্তু মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি এ ধরনের কথা বললে তার প্রতিবাদ জানানো প্রয়োজন।
এর আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বাংলাদেশের হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বক্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশনা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ দেশে অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তবে সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, অতীতের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দমন-পীড়নের পথে না গিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচি শুরুর প্রস্তুতি হিসেবেও যৌথ সভার আয়োজন করা হয়। মাসের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বিএনপির। দলটি আশা করছে, উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন সভায় অংশ নেন।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ দল ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য