![]()
ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন সেতু পার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা।
অন্যদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি এবং অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা জটলা তৈরি হয়েছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা দুটি করে বুথও ব্যবহৃত হচ্ছে।
পাঠকের মন্তব্য