![]()
থালাপতি বিজয় ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় নেহরু স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। তার সঙ্গে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-এর আরও সাত নেতা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার বিজয় চেন্নাইয়ের লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান। সেখানে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর ৫ জন, ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে)-এর ২ জন, এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-এর সমর্থনপত্র জমা দেন।
২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ জন বিধায়কের সমর্থন। নির্বাচনে টিভিকে ১০৮টি আসন পেলেও বিজয় দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হবে, ফলে দলের কার্যকর শক্তি দাঁড়ায় ১০৭। পরে জোটসঙ্গীদের সমর্থনে সংখ্যা বেড়ে ১২০-এ পৌঁছায়।
গত সোমবার প্রকাশিত নির্বাচনী ফলে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিজয়ের পাঁচ দিন সময় লাগে এবং এ সময়ে রাজ্যপালের সঙ্গে তার চার দফা বৈঠক হয়।
এই জোট সরকারের মাধ্যমে প্রায় ৬০ বছর পর দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তি তামিলনাড়ুতে সরকার গঠন করলো।
পাঠকের মন্তব্য