![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করতে হবে। সরকারের প্রত্যাশা, পুলিশ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণ করেই দায়িত্ব শেষ নয়; বরং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।
তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনা স্মরণ করে বলেন, রাজারবাগ পুলিশ লাইনসে হামলার মাধ্যমে বহু পুলিশ সদস্য শহীদ হন এবং তাদের আত্মত্যাগ স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল। একইসঙ্গে তিনি মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক প্রশ্ন নিয়েও গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষমতার প্রমাণ দিয়েছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পরে তারা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর স্টল পরিদর্শন করেন।
পাঠকের মন্তব্য