![]()
চট্টগ্রামের রাউজানে আবারও সহিংস গুলির ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টেরহাট এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী মুহাম্মদ নাসির উদ্দিন আহত হন। তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের ওই সময় একদল দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার শরীরের একাধিক স্থানে গুলি লাগে। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর মাত্র দুই দিন আগে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একই উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থক কাউসারুজ্জামান বাবলুকে গুলি করে হত্যা করা হয়। ধারাবাহিক এ দুই ঘটনার পর রাউজানে রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান বলেন, নাসির যুবদলের কর্মী ছিলেন এবং তাকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এদিকে বাবলু হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে দাবি উঠেছে, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এলাকায় সহিংসতা বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
পাঠকের মন্তব্য