![]()
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছে ইরান। বুধবার (২৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–কে দেওয়া সাক্ষাৎকারে বাঘাই বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো আলোচনা বা সংলাপ চলছে না।”
তিনি আরও বলেন, মার্কিন কূটনীতির অভিজ্ঞতা ইরানের জন্য “তিক্ত ও বিপর্যয়কর”। আলোচনার সময়েই হামলার শিকার হওয়ার উদাহরণ টেনে তিনি যুক্তরাষ্ট্রের আচরণকে কূটনীতির সঙ্গে “বিশ্বাসঘাতকতা” বলে উল্লেখ করেন।
বাঘাই জানান, সাম্প্রতিক সময়ে বার্তা আদান-প্রদান হলেও ইরানের অবস্থান স্পষ্ট—নিজেদের প্রতিরক্ষা অব্যাহত রাখা হবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনীতি ও মধ্যস্থতার দাবিকেও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ চলছে এবং অনেক দেশই বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের কথাও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার ইঙ্গিত দেওয়া হলেও ইরান শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছে।
পাঠকের মন্তব্য