![]()
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নিয়োগের পর এখন টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কারো ন্যায়বিচারে বাধা দেওয়া হবে না।” দায়িত্ব গ্রহণের মুহূর্তে তিনি আবেগাপ্লুত হয়ে মায়ের কথা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও স্মরণ করেন বলে জানান।
ব্যারিস্টার কাজল দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি তিনবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তার পেশাগত জীবনের সূচনা ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে। পরবর্তীতে ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টে প্র্যাকটিসের অনুমতি পান এবং ২০০৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি পান।
এছাড়া তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলায় যুক্ত ছিলেন এবং ২০০৩–২০০৬ সালে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন এবং যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রি অর্জন করেন।
ব্যারিস্টার কাজল রাজনৈতিকভাবেও সক্রিয়; তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব।
পাঠকের মন্তব্য