![]()
ইবি রিপোর্ট
এশিয়ার ২৭টি দেশ ও অঞ্চলের সামগ্রিক শক্তিমত্তার মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ২০তম। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের স্কোর ৯। আগের বছরের তুলনায় স্কোর কমেছে ০.৪ পয়েন্ট, যা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পতন। তবে আটটি মূল্যায়ন ক্ষেত্রের মধ্যে ভবিষ্যৎ সম্পদে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
লোয়ি ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশের তথ্য থেকে এসব বিষয় জানা গেছে। সূচকে দেশগুলোর সামগ্রিক শক্তির স্কোর অনুযায়ী চারটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। ৭০-এর বেশি স্কোর পাওয়া দেশগুলোকে ‘সুপার পাওয়ার’, ৪০-এর বেশি স্কোর পাওয়া দেশগুলোকে ‘মেজর পাওয়ার’, ১০-এর বেশি স্কোর পাওয়া দেশগুলোকে ‘মিডল পাওয়ার’ এবং ১০-এর কম স্কোর পাওয়া দেশগুলোকে ‘মাইনর পাওয়ার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই হিসাবে বাংলাদেশ ‘মাইনর পাওয়ার’ বা ক্ষুদ্র শক্তির শ্রেণিতে রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামগ্রিক শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত ও পাকিস্তান। সূচকে ভারতের অবস্থান তৃতীয়, স্কোর ৪০ দশমিক ৫। পাকিস্তান রয়েছে ১৬তম স্থানে, দেশটির স্কোর ১৫। অন্যদিকে ৮ দশমিক ২ স্কোর নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ২১তম এবং ৫ দশমিক ১ স্কোর নিয়ে নেপাল রয়েছে ২৬তম স্থানে। অর্থাৎ শ্রীলঙ্কার চেয়ে এক ধাপ এবং নেপালের চেয়ে ছয় ধাপ এগিয়ে আছে বাংলাদেশ।
এশিয়ার বৃহৎ শক্তিগুলোর মধ্যে চীন রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটির স্কোর ৭৩ দশমিক ৬। জাপানের অবস্থান চতুর্থ, স্কোর ৩৮ দশমিক ৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া রয়েছে নবম স্থানে, তাদের স্কোর ২১ দশমিক ৭।
লোয়ি ইনস্টিটিউটের সূচকে আটটি প্রধান মাপকাঠির ভিত্তিতে বাংলাদেশের শক্তিমত্তা মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো অর্থনৈতিক সক্ষমতা, সামরিক সক্ষমতা, সহনশীলতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব।
এই আটটি ক্ষেত্রের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান ভবিষ্যৎ সম্পদে। ২৭টি দেশ ও অঞ্চলের তালিকায় এ খাতে বাংলাদেশের অবস্থান ১৩তম। স্কোর ৬ দশমিক ৮।
এ ছাড়া অর্থনৈতিক সক্ষমতা, সহনশীলতা ও সাংস্কৃতিক প্রভাব—প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান ১৭তম। কূটনৈতিক প্রভাবে দেশটি রয়েছে ১৮তম স্থানে।
অন্যদিকে সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান ২২তম এবং প্রতিরক্ষা নেটওয়ার্কে ২১তম। আটটি মাপকাঠির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে অর্থনৈতিক সম্পর্কে। এ ক্ষেত্রে ২৭টি দেশ ও অঞ্চলের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৩তম।
সব মিলিয়ে ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ২০তম হলেও ভবিষ্যৎ সম্পদে তুলনামূলক ভালো অবস্থান রয়েছে। বিপরীতে অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা নেটওয়ার্কের মতো ক্ষেত্রে দেশটির অবস্থান আরও নিচের দিকে।
পাঠকের মন্তব্য