![]()
ইবি রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আসন্ন সংলাপের আগে জরুরি সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেবেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনের নিচতলার পার্কিং এলাকায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এতে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দলটি। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিফিংয়ের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন তিনি। আগামী সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টিকে দিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এই সংলাপের সূচনা হবে। এ লক্ষ্যে দলটির কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণও পাঠানো হয়েছে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মাধ্যমে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এই আলোচনার মূল লক্ষ্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে সংলাপ শুরুর আগের দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জরুরি ব্রিফিংয়ের আয়োজন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে ব্রিফিংয়ে তিনি কোন কোন বিষয়ে বক্তব্য দেবেন, সে বিষয়ে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।
পাঠকের মন্তব্য