![]()
ইবি রিপোর্ট
সংসদ সদস্য ফজলুর রহমান ও রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তাঁর অভিযোগ, দুই সংসদ সদস্যের বক্তব্য ও আচরণে নিষিদ্ধ আওয়ামী লীগের অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে। এমনকি তাঁরা দলটির পক্ষে দায়িত্ব পালন করছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু হানিফ এসব কথা বলেন। পোস্টে তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।
ফজলুর রহমানের বিষয়ে আবু হানিফ বলেন, তিনি বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে আলোচনায় আনার চেষ্টা করছেন। তাঁর মতে, ফজলুর রহমানের মনে রাখা উচিত, জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি বর্তমানে সংসদ সদস্য হওয়ার সুযোগ পেতেন না। অথচ তাঁর বক্তব্যে প্রায়ই জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা দেখা যায়।
আবু হানিফ আরও বলেন, ফজলুর রহমান অতীতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ প্রসঙ্গে তিনি ইংরেজি একটি প্রবাদ উল্লেখ করেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ।’ অর্থাৎ একবার আওয়ামী লীগ করলে সব সময়ই আওয়ামী লীগ।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র। তিনি বলেন, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। তবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদে সরকারের বিরুদ্ধে তিনি ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন আবু হানিফ।
তাঁর ভাষ্য, ব্যক্তিগত মান-অভিমানের কারণে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে রুমিন ফারহানা যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।
পোস্টে আবু হানিফ গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর অভিযোগ, গত কয়েক দিনে সেখানে থানা পুড়িয়ে দেওয়া, মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটলেও ফজলুর রহমান ও রুমিন ফারহানার পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি।
এই নীরবতা এবং তাঁদের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে আবু হানিফ বলেন, দুই সংসদ সদস্যের ভূমিকা দেখে মনে হচ্ছে, তাঁরা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে আবু হানিফ দুই সংসদ সদস্যের রাজনৈতিক অবস্থান, সংসদে তাঁদের বক্তব্য এবং গোপালগঞ্জের ঘটনাগুলো নিয়ে তাঁদের প্রতিক্রিয়া না জানানোর বিষয়গুলো তুলে ধরে নিজের সমালোচনা প্রকাশ করেন।
পাঠকের মন্তব্য