![]()
ইবি রিপোর্ট
খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় প্রাইভেটকারের গতিরোধ করে হামলা ও ভাঙচুরের পর বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। সঙ্গে থাকা বিএনপি নেতা মো. শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান হামলাকারীদের কবল থেকে বেরিয়ে নিরাপদ স্থানে পৌঁছেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের অভিযোগ, হামলাকারীরা মনিরুল হক ফরাজির মোবাইল ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির কার্যক্রমসংক্রান্ত ছবি দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে যায়।
মঈন উদ্দিন আহমেদ জানান, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকার কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। নানা চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছানোর পর অস্ত্রধারী একদল ব্যক্তি তাদের গাড়ির সামনে বাধা সৃষ্টি করে। এরপর গাড়িটি ভাঙচুর করে এবং তাদের মারধর করে।
তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করা হয়। একপর্যায়ে মঈন উদ্দিন আহমেদ ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে সঙ্গে নিয়ে চলে যায় হামলাকারীরা।
মঈন উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। ঘটনাটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানানোর পাশাপাশি পুলিশ প্রশাসনকেও অবহিত করা হয়েছে। দলীয়ভাবেও মনিরুলকে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, একটি সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন, তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি সড়কের এক পাশে পড়ে রয়েছে। তবে তারা এখনো ঘটনাস্থলে গিয়ে গাড়িটির অবস্থান নিশ্চিত করতে পারেননি।
এদিকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম জানান, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের কাছ থেকেই তারা মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জানতে পেরেছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। মনিরুলকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান জেলা বিএনপির এই নেতা।
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজি নিখোঁজ বা অপহরণের বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকেই শুনেছেন। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
পাঠকের মন্তব্য