![]()
ইবি রিপোর্ট
কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণে অর্থায়নের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, কৃষি যন্ত্রপাতির মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ ক্রেতাকে নিজস্ব তহবিল থেকে দিতে হবে। একই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনেও ঋণ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে এসব পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় আগের নীতিমালার কয়েকটি ধারা সংশোধন, প্রতিস্থাপন ও নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে।
কারা পাবেন কৃষি ঋণ
নতুন নির্দেশনা অনুযায়ী, কৃষিকাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তি, দল, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান ঋণ পাওয়ার যোগ্য হবেন। পল্লী অঞ্চলে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও সংশ্লিষ্ট খাতে ঋণ নিতে পারবেন।
ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিরা একক বা দলগতভাবে সহজ পদ্ধতিতে ঋণ পাবেন। তবে ঋণখেলাপিরা এ সুবিধার আওতায় থাকবেন না।
কোন খাতে কত ঋণ
কৃষি ঋণ বিতরণে শস্য-ফসল, সেচ ও কৃষি যন্ত্রপাতি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর মোট লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য-ফসল খাতে বিতরণ করতে হবে। সেচ ও কৃষি যন্ত্রপাতিতে বরাদ্দ থাকবে ২ শতাংশ, মৎস্য খাতে ১৩ শতাংশ এবং প্রাণিসম্পদ খাতে ২০ শতাংশ।
অবশিষ্ট ১০ শতাংশ ঋণ কৃষি উৎপাদন, পল্লী অঞ্চলের উৎপাদন ও সেবা, কৃষি প্রযুক্তি, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে দেওয়া যাবে। ডিজিটাল কৃষিসেবা, নির্ভুলতাভিত্তিক চাষাবাদ ও জলবায়ু সহনশীল স্মার্ট কৃষিও এ তালিকায় রয়েছে।
প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশ
প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিরা যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে ঋণ পান, সে জন্য ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণ করতে হবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রয়োজনে হাটের দিনে ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প করে কৃষি ঋণের তথ্য প্রচার ও ঋণ বিতরণ করতে পারবেন। ঋণ বিতরণ ও আদায় সম্পর্কে সচেতনতা এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত ঋণ
নতুন নীতিমালায় কৃষিপণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে ঋণের আওতায় আনা হয়েছে। কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের সঙ্গে যুক্ত ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান এ সুবিধা পাবেন।
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী, সংরক্ষণকারী, পরিবহনকারী ও বিপণনকারী উদ্যোক্তাদের পাশাপাশি পাইকারি ও খুচরা বিক্রেতারাও ঋণ নিতে পারবেন।
প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহনশীল কৃষিতে অগ্রাধিকার
নির্ভুলতাভিত্তিক কৃষি বা প্রিসিশন ফার্মিংয়ে ঋণ দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে জমির নির্দিষ্ট স্থান ও তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী বীজ, সার, পানি ও বালাইনাশক ব্যবহার করা হয়। এতে উৎপাদন বাড়ানো, খরচ কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
এ কাজে উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, ভৌগোলিক তথ্যব্যবস্থা, বৈশ্বিক অবস্থান নির্ণয় ব্যবস্থা, ড্রোন, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৃহৎ তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে।
জলবায়ু সহনশীল কৃষিতেও অর্থায়ন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের চাষ, পানি সাশ্রয়ী সেচ, ভাসমান কৃষি, উঁচু বেডে সবজি উৎপাদন এবং বৃষ্টির পানি সংরক্ষণে ঋণ দেওয়া যাবে। এ ছাড়া সৌরশক্তিচালিত সেচ পাম্প, নবায়নযোগ্য জ্বালানি, জৈব সার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষিকাজ ও কৃষি বনায়নেও অর্থায়ন করা যাবে।
কৃষি যন্ত্রপাতির মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ
সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে মোট কৃষি ঋণের ২ শতাংশ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গভীর, অগভীর ও হস্তচালিত নলকূপ, ট্রেডল পাম্পসহ বিভিন্ন সেচযন্ত্র কেনায় ঋণ দেওয়া যাবে।
এ ছাড়া ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার, রিপার, রিপার বাইন্ডার, পাওয়ার থ্রেসার, বীজ বপনযন্ত্র, বেডপ্লান্টার, আগাছা পরিষ্কারের যন্ত্র, বীজতলা তৈরির ট্রে ও স্বয়ংক্রিয় চারা উৎপাদন যন্ত্র কেনার সুযোগ থাকবে। গুটি ইউরিয়া তৈরির যন্ত্র প্রস্তুতকারীদেরও ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে ব্যাংক।
নীতিমালার সংযোজনী অনুযায়ী, এসব যন্ত্রের মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ দিতে পারবে। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ ক্রেতাকে ডাউন পেমেন্ট বা নিজস্ব বিনিয়োগ হিসেবে দিতে হবে।
নির্বাচিত যন্ত্রপাতির আনুমানিক মূল্যের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার ২০ থেকে ২৫ লাখ টাকা, রিপার ও রিপার বাইন্ডার ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা, রাইস ট্রান্সপ্লান্টার ৭ থেকে ২০ লাখ টাকা এবং ট্রাক্টর ২৫ থেকে ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাওয়ার টিলারের দাম ২ থেকে ৩ লাখ টাকা। পাওয়ার থ্রেসার, সিডার ও বেডপ্লান্টারের আনুমানিক মূল্য ২ থেকে ৫ লাখ টাকা। তবে ঋণ দেওয়ার সময় যন্ত্রের প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে।
ঋণ পাওয়ার যোগ্যতা ও জামানত
যন্ত্রপাতি কেনার ঋণ পেতে আবেদনকারীকে নীতিমালায় উল্লেখিত যোগ্য ঋণগ্রহীতা, কৃষক কার্ডধারী প্রকৃত কৃষক অথবা কৃষি যন্ত্রপাতির বাণিজ্যিক সেবা প্রদানকারী হতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি হলে এ ঋণ পাওয়া যাবে না।
পাওয়ার টিলার ও পাম্পের মতো ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে কেনা যন্ত্রটিকেই প্রাথমিক জামানত হিসেবে রাখতে পারবে ব্যাংক। কম্বাইন্ড হারভেস্টার ও বড় ট্রাক্টরের মতো যন্ত্রের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টি, জমি বা স্থাবর সম্পত্তি অতিরিক্ত জামানত হিসেবে নেওয়া যেতে পারে।
যন্ত্রের কার্যকাল ও স্থায়িত্ব বিবেচনায় ঋণের মেয়াদ এবং কিস্তি নির্ধারণ করবে ব্যাংক। সাধারণত একটি যন্ত্রের জীবনকাল তিন থেকে পাঁচ বছর। মৌসুমভিত্তিক আয় বিবেচনায় ত্রৈমাসিক, ষাণ্মাসিক, বার্ষিক অথবা মেয়াদ শেষে কিস্তি পরিশোধের ব্যবস্থা রাখা যাবে। ঋণ আদায়ে যৌক্তিক সময় বিবেচনায় সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত রেয়াতকাল দেওয়া যেতে পারে।
আবেদনের সঙ্গে যন্ত্রপাতির প্রাক্কলিত মূল্য বা দরপত্র জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর ব্যাংক কর্মকর্তাকে কৃষক বা গ্রাহকের জমি ও আয়ের উৎস সরেজমিনে পরিদর্শন করতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে ঋণ অনুমোদন করা যাবে। কৃষি বীমার বিষয়টিও বিবেচনায় নিতে পারবে ব্যাংক।
সৌরশক্তি ও জৈব সার উৎপাদনেও ঋণ
কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বায়োগ্যাস উৎপাদন এবং সৌর প্যানেল স্থাপনে দেওয়া ঋণ কৃষি ঋণ হিসেবে গণ্য হবে। বিদ্যুৎ সংযোগবিহীন ও অনগ্রসর এলাকায় ব্যক্তিপর্যায়ে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে সোলার হোম সিস্টেম গড়তেও ঋণ দেওয়া যাবে।
গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনেও ঋণ দেওয়া হবে। এ খাতের ঋণের নিয়ম ও পরিশোধসূচি নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ নেওয়া যাবে।
বড় ঋণের তথ্য পাঠাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে
কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় ব্যাংকগুলোকে প্রতি মাসে নির্ভুল তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা কৃষি ও পল্লী ঋণের মধ্যে এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক তথ্য পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।