![]()
ইবি রিপোর্ট
রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক বহুজাতিক যুব ভূগোল অলিম্পিয়াডে (মাই-জিও ২০২৬) বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর প্রত্যেকেই ব্যক্তিগত পদক পেয়েছে। তাদের মধ্যে দুজন রৌপ্য ও তিনজন ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
১৮ নভেম্বর ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল অঞ্চলে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীরা ভূগোল বিষয়ে জ্ঞান, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও ব্যবহারিক দক্ষতার পরীক্ষা দেয়।
ব্যক্তিগত বিভাগে রৌপ্য পদক পেয়েছে তানভীর সাদাত ও আরিফা আতিক মীম। ব্রোঞ্জ পদক অর্জন করেছে মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ ও শাহরিয়ার নূর। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন আহনাফ তাহমিদ উদ্দিন।
প্রতিযোগিতার অন্যতম অংশ ছিল মাঠপর্যায়ের ব্যবহারিক পরীক্ষা। ২৮ অক্টোবর রোজা খুতোর পাহাড়ি অবকাশকেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় শিক্ষার্থীরা পাহাড়ি ভূপ্রকৃতি পর্যবেক্ষণ, নদীর গভীরতা ও পানির প্রবাহের গতি পরিমাপ এবং আবহাওয়ার বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে। এসব উপাদানের মধ্যে ছিল তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুচাপ ও বাতাসের গতিবেগ।
এ ছাড়া দৈনন্দিন জীবনের সঙ্গে ভূগোলের সম্পর্ক বোঝাতে শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্লেষণধর্মী সমস্যার সমাধান করতে হয়। এর মধ্যে স্কি লিফট থেকে দূরত্বের ভিত্তিতে কফির মূল্যসূচক নির্ণয়ের মতো ব্যতিক্রমী কাজও ছিল।
বাংলাদেশ দলের তথ্য অনুযায়ী, দেশের প্রচলিত শিক্ষাক্রমে ভূগোল ও ভূতত্ত্বের বিস্তারিত পাঠের সুযোগ সীমিত হওয়ায় শিক্ষার্থীরা এসব বিষয়ে বিশেষ প্রস্তুতি নিয়েছিল।
বাংলাদেশ দলের অংশগ্রহণের সুযোগ তৈরিতে ঢাকার রুশ সাংস্কৃতিক কেন্দ্র সহযোগিতা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে যুক্ত করতে তারা কাজ করছে। পাশাপাশি রাশিয়ার সরকারি বৃত্তি, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতেও সুযোগ সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে।
আয়োজনে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়, দলগত কাজ এবং সাংস্কৃতিক যোগাযোগের সুযোগ তৈরি হয়। বিশ্বমঞ্চে বাংলাদেশের এই ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞান ও শিক্ষা প্রতিযোগিতায় দেশের তরুণদের সক্ষমতার পরিচয় দিয়েছে।
পাঠকের মন্তব্য