![]()
ইবি রিপোর্ট
মেয়াদি কাঠামো থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের পথে এগোচ্ছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড। বিশেষ সাধারণ সভায় উপস্থিত ইউনিটধারীদের ৯৯ দশমিক ৯৯ শতাংশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। তবে রূপান্তর কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৬ নভেম্বর ফান্ডটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে বেলা ১১টায় সভাটি শুরু হয়। সেখানে ফান্ডটিকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে রূপান্তরের প্রস্তাব উপস্থাপন করা হয়। উপস্থিত ইউনিটধারীদের প্রায় সবাই প্রস্তাবটির পক্ষে সম্মতি জানান।
সভায় অংশ নেওয়া ইউনিটধারীদের ৯৯ দশমিক ৯৯ শতাংশ রূপান্তরের পক্ষে ভোট দেন। এর মাধ্যমে ফান্ডটির কাঠামো পরিবর্তনের বিষয়ে ইউনিটধারীদের সম্মতি পাওয়া গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর ৬৩ বিধি অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইউনিটধারীদের সম্মতি পেলেও বিএসইসির অনুমোদন ছাড়া রূপান্তর কার্যকর করা যাবে না।
উল্লেখ্য, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। অন্যদিকে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।