![]()
ইবি রিপোর্ট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে তাঁকে আটক করা হয়। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভেতরে প্রবেশের সময় তাঁর সঙ্গে অস্ত্র ছিল। আটকের পর তাঁকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।
বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ। তিনি জানান, আটক ব্যক্তিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তাঁকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্রসহ একজন বিএসএফ সদস্যের প্রবেশ এবং বিজিবির হাতে আটকের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।
এদিকে, বিছনাকান্দি এলাকায় এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগও উঠেছে আটক ওই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ বলেন, তিনি অভিযোগটির কথা শুনেছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি।
পাঠকের মন্তব্য