![]()
ইবি রিপোর্ট
নতুন ব্যবসার ধারণা থেকে শুরু করে পণ্য তৈরি ও বিনিয়োগের প্রস্তুতি—প্রযুক্তিনির্ভর স্টার্টআপের বিভিন্ন পর্যায়ে ১ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও প্রবাসী বাংলাদেশিরাও নির্দিষ্ট শর্ত পূরণ করে এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
এ জন্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালনা নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। গত ১২ নভেম্বর নীতিমালাটি গেজেট আকারে প্রকাশিত হয়। এর লক্ষ্য প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান বাড়ানো, রপ্তানি সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা।
নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন স্টার্টআপ এ অনুদানের জন্য আবেদন করতে পারবে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদেরও সুযোগ রাখা হয়েছে। তথ্যপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা, আর্থিক প্রযুক্তি, জলবায়ু, উৎপাদনশিল্প, জীবপ্রযুক্তি, জ্বালানি, পরিবহন ও সৃজনশীল অর্থনীতির উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে আবেদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে নতুন করে নিবন্ধিত হতে হবে। ব্যবসার মূল ভিত্তি হতে হবে প্রযুক্তি ও উদ্ভাবন। পাশাপাশি উদ্যোগটির সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা থাকতে হবে। আগে থেকে চালু কোনো বড় প্রতিষ্ঠানকে ভাগ করে নতুন স্টার্টআপ তৈরি করলে এ সুবিধা পাওয়া যাবে না।
উদ্যোগের পর্যায় অনুযায়ী ছয় ধরনের অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন ব্যবসার ধারণা তৈরিতে ১ লাখ থেকে ৩ লাখ টাকা এবং পণ্যের পরীক্ষামূলক নমুনা তৈরিতে ৩ লাখ থেকে ১০ লাখ টাকা পাওয়া যাবে। পরবর্তী পর্যায়ে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের প্রস্তুতির জন্য অনুদানের পরিমাণ ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা। বিশেষ উদ্ভাবনী উদ্যোগে সর্বোচ্চ ৫০ লাখ টাকা দেওয়ার সুযোগ রয়েছে। তবে একক ব্যক্তি পণ্যের নমুনা তৈরির জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা পাবেন।
৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব। এর বেশি থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে মন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে।
আবেদন যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি উদ্যোগের নতুনত্ব, প্রযুক্তিগত বাস্তবায়নযোগ্যতা, বাজারের চাহিদা, ব্যবসা সম্প্রসারণের সুযোগ এবং উদ্যোক্তা দলের দক্ষতা বিবেচনা করবে। নির্বাচিত উদ্যোক্তাদের পরিকল্পনা কমিটির সামনে উপস্থাপন করতে হবে।
অনুদানের অর্থ একবারে দেওয়া হবে না। কাজের অগ্রগতি ও নির্ধারিত লক্ষ্য পূরণের ভিত্তিতে কয়েক ধাপে অর্থ ছাড় করা হবে। পণ্য তৈরি, বাজারে চাহিদা যাচাই ও আয়সংক্রান্ত লক্ষ্য পূরণের অগ্রগতি পরবর্তী কিস্তির ক্ষেত্রে বিবেচিত হবে। অর্থ ব্যবহারে অনিয়ম ঠেকাতে প্রতিবেদন, সরেজমিন পরিদর্শন ও নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
এ ছাড়া উদ্যোক্তাদের পরামর্শ, পণ্য উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগে সহায়তা দেওয়া হবে। এসব কার্যক্রম পরিচালনায় তৈরি হবে ‘ন্যাশনাল স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম’। তবে গেজেটে আবেদনের শেষ তারিখ ও প্ল্যাটফর্মের ঠিকানা জানানো হয়নি।
পাঠকের মন্তব্য