![]()
ইবি রিপোর্ট
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটি বিপুল ভোটে অনুমোদিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ সমর্থন জানায়। বিপক্ষে ভোট পড়ে ছয়টি দেশের, আর ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। বক্তব্যে তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও তাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সংকট দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশ এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত চ্যালেঞ্জ রয়েছে।
সঞ্চিতা হক তার বক্তব্যে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের বিষয়টিও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠবে।
এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে প্রস্তাবটি গৃহীত হওয়ায় রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি এবং দীর্ঘদিনের বাস্তুচ্যুতির বিষয়টি আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে।
পাঠকের মন্তব্য