![]()
ইবি রিপোর্ট
রমজানের কেনাকাটা শুরুর আগেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়া থেকে আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে দেশটির সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর কেনার বিষয়ে আলোচনা হয়েছে। আলজেরিয়ার একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে আসন্ন রমজানকে সামনে রেখে খেজুর আমদানি ও সরবরাহের বিষয়টি আলোচনায় আসে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি। সাশ্রয়ী দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি-বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে আলোচনা চলছে।
রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে পাঠিয়েছে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২-৫ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করা গেলে ২০-৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।
বৈঠকে জ্বালানি খাতে দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, এ খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন অথবা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ লক্ষ্যে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিয়মিত বৈঠকের ওপর জোর দেওয়া হয়।
এ ছাড়া আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য