![]()
ইবি রিপোর্ট
রাজধানীতে ৪৫ হাজার টাকা মাসিক বেতন পেয়েও চার সদস্যের সংসার চালাতে পারছেন না মিরপুরের বেসরকারি চাকরিজীবী হাবিবুর রহমান। বাসাভাড়া, খাবার, বিদ্যুৎ বিল, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার খরচ মেটাতে তাঁর মাসে প্রয়োজন হচ্ছে ৫৫ হাজার টাকার বেশি। ফলে প্রতি মাসে অন্তত ১০ হাজার টাকা ঘাটতি থাকছে। এই ঘাটতি পূরণে ধারদেনা করতে হচ্ছে তাঁকে।
হাবিবুর রহমান বলেন, “বেতনের টাকায় এখন আর মাস চালানো সম্ভব হচ্ছে না। ঋণগ্রস্ত হয়ে পড়ছি।”
শুধু হাবিবুর নন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন শ্রেণির পরিবার আর্থিক চাপে পড়েছে। আয় বাড়ার তুলনায় ব্যয় দ্রুত বাড়ায় অনেকেই সঞ্চয় ভাঙছেন, ঋণ করছেন এবং খাবার ও চিকিৎসার খরচ কমাচ্ছেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “ব্যয় বাড়ার সাথে সাথে যদি মানুষের আয়ও একই হারে বাড়ত, তবে এটি এত বড় সমস্যা হয়ে দাঁড়াত না। মানুষ এখন কেবল টিকে থাকার জন্যই সঞ্চয় ভাঙছে বা ঋণ নিচ্ছে।”
জ্বালানির মূল্যবৃদ্ধি যাতায়াতের খরচ বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদন, শিল্প ও পণ্য পরিবহন ব্যয় বাড়াচ্ছে। এর প্রভাব পড়ছে বাজারদরেও।
খাবার ও আমিষের পরিমাণ কমাচ্ছে পরিবার
নিম্ন আয়ের মানুষের সংকট আরও বেশি। রিকশাচালক মো. সুরুজ মিয়া মালিকের জমা দেওয়ার পর দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন। ছয় সদস্যের সংসার চালাতে গিয়ে তাঁকে প্রতিদিন খাবার ও বাড়িভাড়ার মধ্যে একটি বেছে নেওয়ার চিন্তা করতে হয়। তাঁর ভাষায়, “প্রতিটি দিন আমাকে এই দুশ্চিন্তায় পার করতে হয় যে, আয়ের টাকায় খাবার কিনব নাকি ঘরভাড়া দেব।”
বাজারে পাউরুটি, দুধ, ডিম ও মুরগির দাম বেড়েছে। মগবাজারের রিকশাচালক লতিফ মিয়া জানান, দুই সপ্তাহ আগে ১০ টাকার ছোট পাউরুটি এখন ১৫ টাকায় বিক্রি হচ্ছে। পোশাকশ্রমিক হাজেরা বেগমের জন্য সন্তানদের টিফিনের বিস্কুট কেনাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে পণ্যের দাম না বাড়িয়ে ওজন কমানোর প্রবণতাও দেখা যাচ্ছে। ইস্কাটনের বাসিন্দা শাহজাহান সাজু বলেন, “চিপস, চানাচুর ও মসলার অনেক প্যাকেট বাইরে থেকে দেখে ভরা মনে হলেও খোলার পর দেখা যায় ভেতরের অনেকটাই খালি।”
ময়দা, চিনি, তেল ও জ্বালানির দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত অক্টোবরের শেষ দিকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। সংগঠনটির সভাপতি জালাল উদ্দিন জানান, ছয় মাসে উৎপাদন ব্যয় অন্তত ৩০ শতাংশ বেড়েছে।
গত অক্টোবরে এক লিটার প্যাকেটজাত দুধের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১০-১১৫ টাকা করা হয়েছে। ব্রয়লার মুরগি কেজিতে প্রায় ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
চিকিৎসা ব্যয়েও বাড়তি চাপ
টিবিএসের তথ্য অনুযায়ী, গত তিন মাসে শত শত ওষুধের দাম ৫ থেকে ১০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এ জেড এম জাকির হোসেনের দাবি, উৎপাদন ব্যয় অন্তত ৩০ শতাংশ বেড়েছে।
বেসরকারি চাকরিজীবী আসাদুল ইসলামের মায়ের বারডেম হাসপাতালে নিয়মিত চিকিৎসা প্রয়োজন। খরচ কমাতে তিনি মোটরসাইকেলের পরিবর্তে লোকাল বাসে চলাচল করছেন। তিনি বলেন, “আমার আর্থিক কষ্ট দেখে মা এখন আর ডাক্তারের কাছেই যেতে চান না।”
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) ‘স্টেট অব দ্য রিয়েল ইকোনমি-২০২৬’ গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে দেশের ২৭.৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিলেন। আরও ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার ওপরে থেকেও দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছিলেন।
আইপিসির ২০২৬ সালের বিশ্লেষণে মে-আগস্ট সময়ে প্রায় ১ কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিলেন। সেপ্টেম্বর-ডিসেম্বরে এ সংখ্যা ১ কোটি ৮১ লাখে পৌঁছানোর আশঙ্কা করা হয়েছে।
চাহিদা কমায় ব্যবসায়ও প্রভাব
পরিবারগুলোর ব্যয় সংকোচনের প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে। কারওয়ান বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলামের দাবি, এক মাসে তাঁর দোকানের বিক্রি ৩০ শতাংশ কমেছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “ভোক্তাদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে আমরা সব পণ্যের দাম বাড়াতে পারিনি। আমরা বেশিরভাগ পণ্য লোকসানে এবং কিছু পণ্য ন্যূনতম লাভে বিক্রি করছি।”
অন্যদিকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান জানান, খাদ্য উপকরণ, গ্যাস, বিদ্যুৎ, ভাড়া ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে রেস্তোরাঁর বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমেছে।