![]()
ইবি রিপোর্ট
সমস্যায় পড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে উদ্ধার, পুনর্গঠন কিংবা প্রয়োজনে অবসায়নের জন্য নিজস্ব অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ৩০ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকার একটি পৃথক ‘ব্যাংক রেজল্যুশন ফান্ড’ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। প্রস্তাবিত তহবিলের বড় অংশ বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নির্ধারিত হারে অর্থ জমা দিতে হবে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। তহবিল পরিচালনার জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। এর মাধ্যমে ব্যাংক একীভূতকরণ, পুনর্গঠন ও অবসায়নের ব্যয় মেটাতে সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নের ব্যবস্থা তৈরি হবে। ফলে এসব কার্যক্রমে সাধারণ করদাতাদের অর্থের ওপর নির্ভরতা কমবে।
সভায় উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তহবিল গঠনের পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করছে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট। ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর আওতায় এ জন্য পৃথক বিধি ও নীতিমালা তৈরি করা হবে। এতে অর্থ সংগ্রহ, ব্যবহার, ব্যবস্থাপনা এবং অর্থ ছাড়ের শর্ত নির্ধারণ করা হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রস্তাবিত তহবিলের আকার ৩০ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকা হতে পারে।
বর্তমানে ব্যাংকগুলো মোট আমানতের ওপর বার্ষিক শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ হারে আমানত বিমা প্রিমিয়াম দেয়। নতুন তহবিল গঠনের অংশ হিসেবে এই হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক নির্বাহী পরিচালক জানান, ব্যাংক রেজল্যুশন একটি চলমান কার্যক্রম। ইতিমধ্যে পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের পথে রয়েছে। এ কার্যক্রম পরিচালনায় সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছিল এবং তা পাওয়া গেছে। শিগগিরই সংশ্লিষ্ট কাজ শুরু হবে।
তিনি আরও জানান, ব্যাংক রেজল্যুশন বিভাগ নিয়মিতভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। দুর্বলতার প্রাথমিক লক্ষণ দেখা গেলে পুনর্গঠন, একীভূতকরণ অথবা নিয়মতান্ত্রিক অবসায়নের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) রেজল্যুশন কাঠামো অনুসরণ করে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ব্যাংকগুলো মোট আমানতের প্রায় ১ শতাংশ পৃথক উদ্ধার তহবিলে জমা রাখে।
তহবিল ব্যবস্থাপনায় আসছে পৃথক বিধিমালা
‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর অধীনে তহবিলের অর্থ সংগ্রহ ও ব্যয়ের নিয়ম তৈরি করবে বাংলাদেশ ব্যাংক। বন্ড ইস্যুর পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জমা থেকে অর্থ সংগ্রহ করা হবে। এর আগে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’-এ এমন তহবিল গঠনের বিধান রাখা হয়েছিল। ওই অধ্যাদেশ অনুযায়ী, সতর্ক বিনিয়োগ কৌশলের অংশ হিসেবে তহবিলের অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের কথা বলা হয়।
উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তাঁর মতে, এ ব্যবস্থা করদাতাদের আর্থিক চাপ কমাবে। ২০০৭ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এ ধরনের তহবিল চালু হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান পরিকল্পনাটিকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। তবে খেলাপি ঋণ বৃদ্ধি, আইনের দুর্বল প্রয়োগ ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে সুশাসন, স্বচ্ছতা এবং তদারকি নিশ্চিত না হলে তহবিলটি প্রতীকী উদ্যোগে সীমাবদ্ধ থাকতে পারে বলে সতর্ক করেন তিনি। তাঁর মতে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ১ শতাংশ মানদণ্ডের তুলনায় প্রস্তাবিত প্রিমিয়ামের হার কম হওয়ায় সংকটের সময় অর্থের পর্যাপ্ততা নিয়েও প্রশ্ন রয়েছে।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনও উদ্যোগটিকে ইতিবাচক ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, আন্তর্জাতিক উত্তম চর্চার ভিত্তিতে গঠিত এ তহবিল আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি জনগণের করের অর্থের ওপর নির্ভরতা কমাবে।
দুর্বল ব্যাংক ও প্রতিষ্ঠানের অর্থায়নে নতুন উদ্যোগ
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের জন্য একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। এই অর্থের ১০ হাজার কোটি টাকা নগদে এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে মূলধনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ পরিশোধ সহজ করতে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা তহবিল থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা দিয়েছে।
অন্যদিকে, অবসায়নের মুখে থাকা পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের পাওনা পরিশোধে অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত পাওয়ার যোগ্য হবেন। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতের পরিমাণ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা। সরকারের দেওয়া অর্থ থেকেই এই পাওনা পরিশোধের কার্যক্রম সম্পন্ন করা হবে।