![]()
ইবি রিপোর্ট
বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাদেশের সামনে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের জন্য যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে মার্কিন অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ঋণ, ঋণের নিশ্চয়তা, বিনিয়োগ এবং রাজনৈতিক ঝুঁকির বিপরীতে বিমা সুরক্ষার মতো সুবিধাও পেতে পারে সংশ্লিষ্ট প্রকল্পগুলো।
সোমবার (১৬ নভেম্বর) ডিএফসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশ হিসেবে ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়ন ঘাটতি পূরণে সহায়তা পাওয়া সম্ভব হবে।
ডিএফসি মূলত যুক্তরাষ্ট্র সরকারের একটি আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে কাজ করে। প্রচলিত বৈদেশিক সহায়তা সংস্থার মতো সরাসরি সরকারকে অনুদান দেওয়ার পরিবর্তে এটি বিভিন্ন প্রকল্প ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্থায়নের ব্যবস্থা করে।
সংস্থাটির অর্থায়নের অন্যতম সুবিধা হলো দীর্ঘমেয়াদি ঋণ। কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র, অবকাঠামো কিংবা প্রযুক্তিনির্ভর প্রকল্প গড়ে তুলতে চাইলে ডিএফসির কাছ থেকে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি ঋণের নিশ্চয়তা বা লোন গ্যারান্টির মাধ্যমে অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকেও অর্থ সংগ্রহ সহজ হতে পারে।
এ ছাড়া রাজনৈতিক ঝুঁকির বিপরীতে বিমা সুরক্ষা দিতে পারে ডিএফসি। কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা, নীতিগত পরিবর্তন কিংবা অন্যান্য অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে এ ধরনের বিমা বিদেশি বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে সহায়তা করে। পাশাপাশি নির্দিষ্ট প্রকল্পে ইকুইটি বা মালিকানাভিত্তিক বিনিয়োগের সুযোগও রয়েছে।
বাংলাদেশের জন্য এই অর্থায়নের সম্ভাব্য ক্ষেত্রের মধ্যে রয়েছে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাত। এসব প্রকল্পে মার্কিন বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে পারে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।
তবে ডিএফসির যোগ্যতা অর্জন করলেই বাংলাদেশ নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে, এমন নয়। প্রতিটি প্রকল্পের বাণিজ্যিক সম্ভাব্যতা, উন্নয়নমূলক অবদান, ঝুঁকি এবং বিনিয়োগের উপযোগিতা আলাদাভাবে যাচাই করা হবে। প্রকল্পের মান ও বিনিয়োগকারীদের আগ্রহের ওপর অর্থায়ন নির্ভর করবে।
বিশ্লেষকদের মতে, ডিএফসির এই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে স্বচ্ছতা, বিনিয়োগ পরিবেশ এবং প্রকল্প প্রস্তুতির মান উন্নত করতে হবে। যথাযথ পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই অর্থায়ন দেশের অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।
পাঠকের মন্তব্য