![]()
ইবি রিপোর্ট
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থায় দুর্বলতার চিত্র উঠে এসেছে চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ৫০টি কোম্পানি নিট লোকসান করেছে। একই সময়ে ৩৫টি প্রতিষ্ঠানের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে ৬৫টি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
সোমবার পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। মোট ২৩১টি কোম্পানির মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় অবনতি দেখা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে ১০৭টি কোম্পানি মুনাফা করেছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত নিট মুনাফার পরিমাণ ৩ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে ৫৮টি কোম্পানির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। বিপরীতে ৩৫টির মুনাফা কমেছে। এছাড়া আগের বছরের লোকসান কাটিয়ে ১১টি কোম্পানি এবার মুনাফায় ফিরেছে।
অন্যদিকে, প্রথম প্রান্তিকে ৫০টি কোম্পানির সম্মিলিত নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯২ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির লোকসান আগের বছরের তুলনায় বেড়েছে। ২১টি কোম্পানির লোকসান কিছুটা কমেছে। আর আগের বছর মুনাফায় থাকলেও এবার নতুন করে ১০টি কোম্পানি লোকসানে পড়েছে।
লোকসানে এগিয়ে আইসিবি ও বসুন্ধরা পেপার
প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি নিট লোকসান করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ১৮১ কোটি টাকা। শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ২ টাকা ৯ পয়সা।
এ ছাড়া বসুন্ধরা পেপার মিলসের লোকসান ১৬১ কোটি ৮০ লাখ টাকা এবং খুলনা পাওয়ার কোম্পানির (কেপিসিএল) লোকসান ১১৬ কোটি টাকা।
শেয়ারপ্রতি লোকসানের হিসাবে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মেঘনা সিমেন্ট। কোম্পানিটির ইপিএস ঋণাত্মক ২৯ টাকা ৪৬ পয়সা। জিল বাংলা সুগারের ঋণাত্মক ২৫ টাকা ৫৯ পয়সা, শ্যামপুর সুগারের ঋণাত্মক ১১ টাকা ৪ পয়সা এবং এ্যাপেক্স ট্যানারির ঋণাত্মক ১০ টাকা ৭৪ পয়সা।
আগের বছর মুনাফায় থাকলেও এবার লোকসানে পড়েছে এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, মীর আখতার হোসেন, প্রিমিয়ার সিমেন্ট, এমএল ডাইং ও আইসিবি।
মুনাফায় এগিয়ে যেসব কোম্পানি
শেয়ারপ্রতি আয়ের হিসাবে প্রথম প্রান্তিকে শীর্ষে রয়েছে পদ্মা অয়েল। কোম্পানিটির ইপিএস ১৭ টাকা ২৮ পয়সা এবং নিট মুনাফা ১৬৯ কোটি ৭৫ লাখ টাকা। এরপর মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস ১৪ টাকা ৮৩ পয়সা এবং রেনাটার ৮ টাকা ৮৭ পয়সা।
এ ছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস ৮ টাকা ৭৭ পয়সা, ইবনে সিনার ৭ টাকা ৬৬ পয়সা, বিএসআরএম লিমিটেডের ৬ টাকা ৮০ পয়সা এবং ওয়ালটন হাই-টেকের ৬ টাকা ৭৪ পয়সা।
টাকার অঙ্কে সর্বোচ্চ ৭৭৭ কোটি ৪২ লাখ টাকা নিট মুনাফা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ইউনাইটেড পাওয়ারের মুনাফা ২৭০ কোটি ৭২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২৫৫ কোটি ১৮ লাখ টাকা এবং ওয়ালটন হাই-টেকের ২৪৭ কোটি ৫ লাখ টাকা।
এদিকে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে তিতাস গ্যাস, বিডি ল্যাম্পস, আল-হাজ টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, রহিমা ফুড, শাইনপুকুর সিরামিকস, সমতা লেদার, পেনিনসুলা, জিকিউ বলপেন ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
সব মিলিয়ে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মুনাফা বৃদ্ধি, মুনাফা হ্রাস এবং লোকসানের মিশ্র চিত্র দেখা গেছে।
পাঠকের মন্তব্য