![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান দাবি করেছেন, এপস্টেইন আত্মহত্যা করেননি; তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। চিকিৎসা-সংক্রান্ত নথি ও ছবি বিশ্লেষণের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানিয়েছে বিবিসি। তবে নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয় এখনও ২০১৯ সালে দেওয়া আত্মহত্যার সিদ্ধান্তে অটল রয়েছে।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় যৌন পাচারের অভিযোগে তার বিচার শুরুর অপেক্ষা চলছিল। ময়নাতদন্ত শেষে নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষক তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি হত্যার সময় আত্মরক্ষার চেষ্টা করলে শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন থাকতে পারে, তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল।
তবে এপস্টেইনের মৃত্যুর সময়ের কাছাকাছি মধ্যরাতে কারাগারের সিসিটিভি ফুটেজে তিন মিনিটের ব্যবধান এবং তার কক্ষের বাইরে থাকা দুটি ক্যামেরা বিকল থাকার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ফ্রিম্যানের নতুন পর্যালোচনা প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্ক আবারও সামনে এসেছে।
সোমবার সন্ধ্যায় লন্ডনে নিজের অনুসন্ধানের ফল প্রকাশ করেন অধ্যাপক মাইকেল ফ্রিম্যান। তবে তিনি সরাসরি এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি। এপস্টেইনের ভাই মার্কের সরবরাহ করা ময়নাতদন্তের নথি ও ছবি পর্যালোচনা করেই তিনি নিজের সিদ্ধান্ত তুলে ধরেন। মার্কও দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তার ভাইকে হত্যা করা হয়েছিল।
ফ্রিম্যানের ভাষ্য অনুযায়ী, এপস্টেইনের বাম কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। এসব চিহ্নকে তিনি হামলার সম্ভাব্য প্রমাণ হিসেবে দেখছেন। তার ধারণা, দড়ি অথবা এ ধরনের কোনো বস্তু দিয়ে পেছন দিক থেকে এপস্টেইনের শ্বাসরোধ করা হয়েছিল। পরে একই বস্তু ব্যবহার করে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
এ ছাড়া এপস্টেইনের গলায় দড়ির দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্নও শনাক্ত করেছেন বলে জানিয়েছেন ফ্রিম্যান। তার মতে, পেছন থেকে শ্বাসরোধ করার সময় গলা থেকে দড়ি সরানোর চেষ্টা করা হলে এমন আঁচড়ের দাগ তৈরি হতে পারে।
ফ্রিম্যান আরও দাবি করেন, এপস্টেইনের মরদেহ যে অবস্থায় পাওয়া গিয়েছিল, তার সঙ্গে শরীরের আঘাতের চিহ্নগুলোর সামঞ্জস্য নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে তিনি হত্যাকেই এপস্টেইনের মৃত্যুর একমাত্র ব্যাখ্যা বলে মনে করছেন। তবে তার এই বিশ্লেষণের বিপরীতে নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ের আগের আত্মহত্যার সিদ্ধান্ত বহাল রয়েছে।
পাঠকের মন্তব্য