![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকের বাইরে নতুন রফতানি খাত গড়ে তোলা এবং ব্যবসা পরিচালনার জটিলতা কমাতে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সরকারি সেবার প্রক্রিয়া অনলাইনে এনে ব্যবসায়িক অনুমোদন মাত্র ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনাও তুলে ধরেছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের নাগরিক এবং ব্যবসায়িক সেবা অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সেবা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস তথা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ব্যবসায়ীদের একাধিক দপ্তরে যেতে হয়। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই প্রক্রিয়া সহজ করে ১৪ দিনের মধ্যে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
রফতানি পণ্যের বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এ লক্ষ্যে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জন্য নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের স্বর্ণশিল্পকে অনানুষ্ঠানিক কাঠামো থেকে বের করে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রফতানির উপযোগী শিল্প হিসেবে এ খাতকে গড়ে তুলতে চায় সরকার।
আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
বৈঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা ঠেকানোর উদ্যোগের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসম বাংলাদেশের বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় নীতিগত ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।
তিনি আরও জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী। অর্থনীতির কাঠামোগত সংস্কারের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদনশীল শিল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণ সামনে রেখে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের যথাযথ ব্যবহার করে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত হতে পারলে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও কর্মসংস্থান বাড়বে।
তিনি আরও বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে।
বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, প্যারা-ট্যারিফ বা সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার দেশের অর্থনীতির দক্ষতা ও রফতানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা অনুসরণ করে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে বাংলাদেশের প্রকৃত রফতানি আয় ও কর্মসংস্থান বাড়বে বলেও মত দেন তিনি।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক পলিসি অ্যান্ড পাবলিক সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার হুন সাহিব সোহ, ইকোনমিস্ট মাইক ন্যাও, রিসার্চ ইকোনমিস্ট দেবকী ঘোষ এবং সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি ও মাগুয়ে দিয়া।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (আইআইটি) ড. আহমদ উল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।