![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা না চাপিয়ে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ভাষণে তারেক রহমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন তিনি।
ভাষণের শুরুতে সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আলোচনার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে পরিচালিত সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা পাশাপাশি এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়নের ধারায় প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ উৎসাহিত করা হচ্ছে। পরিবেশবান্ধব শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার প্রসার এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগও তুলে ধরেন তিনি। এ ছাড়া কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান সরকারপ্রধান। এ লক্ষ্যে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে জলাধারে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে। এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করতে চায় সরকার।
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারও এতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
এ অবস্থায় জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পাঠকের মন্তব্য