![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের অন্যতম শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক নতুন মোড় নিয়েছে। চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগের মধ্যেই এবার নিজ প্রতিষ্ঠানের এক শীর্ষ নারী কর্মকর্তার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের তথ্য সামনে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। প্রতিষ্ঠানটির পদক্রম অনুযায়ী, কিম্বার্লি সরাসরি জেনসেনের অধীনে কাজ করেন।
এনভিডিয়ার সাবেক দুই কর্মীর দাবি, গত মার্চে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত একটি সম্মেলনের সময় জেনসেন ও কিম্বার্লিকে হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ ঘটনার একটি ভিডিও থাকার কথাও জানিয়েছেন তাঁরা। তবে ভিডিওটি তাঁরা নিজেরা দেখেননি বলে জানিয়েছেন।
এই অভিযোগের পর এনভিডিয়ার অভ্যন্তরীণ আচরণবিধি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির নীতিমালায় স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, এমন পরিস্থিতি এড়িয়ে চলতে কর্মীদের নির্দেশনা রয়েছে। ব্যক্তিগত সম্পর্কও এর আওতায় পড়ে। কোনো অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে তা তদন্তের কথাও বলা হয়েছে নীতিমালায়।
কিম্বার্লি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ তদারকি করছেন। বিশেষ করে মেডিকেল ইমেজিং ডিভাইসে এনভিডিয়ার চিপ প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছেন তিনি।
এর আগে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লের সঙ্গে সম্পর্কের অভিযোগেও বিতর্কে জড়ান জেনসেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গোয়েন্দা। তাঁর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের উন্নত এআই চিপ প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
গত মাসে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ রয়েছে, তিনি এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনের জন্য আরও সহজলভ্য করতে প্রতিষ্ঠানটিকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
পরবর্তী সময়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক চিঠিতে জেনসেন স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। তবে সংশ্লিষ্ট নারীর পরিচয় প্রকাশ করেননি।
এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’ নামের একটি আইনি প্রতিষ্ঠানকে। পাশাপাশি মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের যোগাযোগ নিয়ে তাঁর কাছে রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস ও টাইমস অব ইন্ডিয়া।
পাঠকের মন্তব্য