![]()
ইবি রিপোর্ট
অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে শেষ পর্যন্ত দেশে ফিরতে হয়েছে আরও ৪৪ বাংলাদেশিকে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। বিশেষ চার্টার্ড ফ্লাইটে বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর পর তাঁদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় নেওয়া হয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে এন০৫৫৪২ নম্বর বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ৪৪ বাংলাদেশির দেশে ফেরার বিষয়টি জানানো হয়।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। তাঁদের জরুরি সহযোগিতা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে ফেরার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, দেশে ফেরা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাঁদের অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা করা হবে।
অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার প্রবণতা এবং এর ঝুঁকি সম্পর্কে সতর্ক করে শরিফুল হাসান বলেন, “লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে একসময় বাংলাদেশিরা শীর্ষে ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, একইভাবে লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। এ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে”।
ইউরোপের অভিবাসন নীতিতে কঠোরতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ফলে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেও অনেককে শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হচ্ছে”।
শরিফুল হাসান আরও জানান, এবার দেশে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার জন্য অন্যদের উৎসাহিত করেছিলেন। এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার পাশাপাশি বিদেশগামীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তাঁর মতে, জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পরিবর্তে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে বৈধ অভিবাসনের পথ বেছে নেওয়া উচিত। এতে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এড়ানোর পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।
ইউরোপ থেকে নথিপত্রহীন ও অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
ব্র্যাকের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর তাঁদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগও গ্রহণ করছে।
পাঠকের মন্তব্য