![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও দাবিগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈশ্বিক সহযোগিতা এবং সংকট মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। সফরের অংশ হিসেবে কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের দাবিগুলো তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা এবং জলবায়ু অর্থায়নের বিষয়গুলো প্রাধান্য পাবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া বা অভিযোজন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
এ ছাড়া জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জন্য ন্যায়সংগত সহায়তা ও অর্থায়নের প্রয়োজনীয়তার বিষয়টিও তাঁর বক্তব্যে স্থান পাবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারি প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আরও রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।
প্রতিনিধি দলে আছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলুও প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন।
তিন দিনের তুরস্ক সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। সফরে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের জলবায়ুবিষয়ক অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবেন তিনি।
পাঠকের মন্তব্য