![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক। এ লক্ষ্যে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন এবং পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণেও বাংলাদেশের পাশে থাকতে চায় দেশটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে।
মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতার সুযোগ এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত কথা হয়।
শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আগ্রহও জানিয়েছেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়টি নিয়েও আলোচনা হয়। বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ বিভিন্ন দেশের বাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন এমিনে এরদোয়ান।
এ সময় ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুদের মধ্যে তৈরি হওয়া স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরেন। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও জানান তিনি। এসব উদ্যোগের মধ্যে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন ডা. জুবাইদা।
বাংলাদেশের এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় আসে। শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। এরপর থেকে তুরস্ক সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হলো তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত আশ্রিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।
নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকার নারীদের প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিয়মিত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।
এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ জানিয়েছেন এমিনে এরদোয়ান। এ উদ্দেশ্যে তিনি বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চান। দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ আরও জানান, ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ জানিয়েছেন তিনি।
পাঠকের মন্তব্য