![]()
ইবি রিপোর্ট
দেশের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এসব উন্নয়ন প্রকল্প বর্তমানে পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে পৌরসভাগুলোর অভ্যন্তরীণ খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ কার্যক্রম বাড়ানো এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
কর্মশালায় ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মীর শাহে আলম বলেন, অনেকের কাছে ফ্যামিলি কার্ডকে নগণ্য মনে হতে পারে। কিন্তু দরিদ্র পরিবারের জন্য এটি বড় সম্বল। ঝুঁকিযুক্ত কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এ উদ্যোগে ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে।
তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়নের বিষয়টি বিবেচনায় রেখে পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচিটি সর্বজনীন। এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের নাগরিকের পরিবার যুক্ত থাকবে। এ ছাড়া আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুদের সম্মানী ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠান এই ভাতার অন্তর্ভুক্ত হবে বলেও জানান তিনি।
পৌরসভাগুলোর সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে ঘুষ আদায়ের উদ্দেশ্যে ‘সার্ভার বন্ধ’ থাকার অজুহাত দেখিয়ে সেবাপ্রার্থীদের দুই থেকে তিন দিন পর্যন্ত ঘোরানো হয়।
এ ধরনের অনিয়ম ও হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী। জনসেবা দিতে গিয়ে দুর্নীতির আশ্রয় নেওয়ার প্রবণতার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি বন্ধ করতে হবে।
এ সময় দেশের অধিকাংশ পৌরসভা অতীতে রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়েছিল বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। পৌরসভাগুলোর ভেতরের খাল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ অভিযান আরও বিস্তৃত করার ওপরও তিনি জোর দেন।
পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
পাঠকের মন্তব্য