![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কার্যকর কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন সোনিয়া গান্ধী। নিজের সদ্য প্রকাশিত স্মৃতিকথায় মোদির সঙ্গে সম্পর্ক ও আদর্শিক দূরত্বের বিষয়টি তুলে ধরেছেন তিনি। সাবেক কংগ্রেস প্রধানের ভাষ্য, দুজনের মধ্যে আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় হলেও কখনো গভীর আলোচনা হয়নি। ভারতের ভবিষ্যৎ ও রাষ্ট্রীয় দর্শন নিয়েও তাদের অবস্থান সম্পূর্ণ আলাদা।
মঙ্গলবার বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’। বইটিতে তিনি লিখেছেন, নরেন্দ্র দামোদরদাস মোদি বারো বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি নিজের তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এত দীর্ঘ সময়েও তার সঙ্গে কার্যকর কোনো যোগাযোগ গড়ে ওঠেনি বলে উল্লেখ করেছেন সোনিয়া।
স্মৃতিকথায় সংসদের বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুজনের সাক্ষাতের বিবরণ দিয়েছেন তিনি। প্রতিটি সংসদ অধিবেশন শেষে প্রধান দলগুলোর নেতারা স্পিকারের কক্ষে সমবেত হন। সেই ছোট কক্ষে অনেক মানুষের উপস্থিতিতে তাদের দেখা হয়। তখন মোদির সঙ্গে আনুষ্ঠানিক নমস্কার বিনিময় করেন সোনিয়া।
তবে অতীতের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্যও তুলে ধরেছেন তিনি। তার মতে, আগে দলীয় বিভেদ ভুলে নেতারা পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন। কিন্তু মোদি তার মুখোমুখি হলে অন্যদিকে তাকিয়ে থাকেন। চোখে চোখ রাখাও এড়িয়ে চলেন বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন সোনিয়া।
তিনি লিখেছেন, সংক্ষিপ্ত কুশল বিনিময় ছাড়া তাদের মধ্যে তেমন কোনো কথাবার্তা হয়নি। যদিও প্রতিবছর আনুষ্ঠানিকভাবে জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন দুজন। হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার সময়ও কখনো কখনো মোদি তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তখন সোনিয়া উত্তরে বলেছেন, ‘হ্যাঁ, ধন্যবাদ, আমি এখন ভালো আছি’।
মোদির সঙ্গে নিজের আদর্শিক পার্থক্যের বিষয়টিও বিস্তারিত ব্যাখ্যা করেছেন সোনিয়া। তার মতে, ভারত সম্পর্কে দুজনের চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। নিজের ভারত ভাবনার ভিত্তি হিসেবে পরিবারের সদস্যদের জীবন ও সেবামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন তিনি। এমন একটি দেশের ধারণায় বিশ্বাস করেন সোনিয়া, যেখানে স্বাধীনতা ও সাম্যের ভিত্তিতে বিভিন্ন জাতি, সংস্কৃতি, ভাষা ও বিশ্বাসের সহাবস্থান থাকবে।
অন্যদিকে মোদির ভারত ভাবনা আরএসএসের আদর্শ এবং ব্যক্তিগত বেড়ে ওঠার অভিজ্ঞতায় গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সোনিয়া। তার অভিযোগ, এই চিন্তাধারায় একটি সংস্কৃতি ও বিশ্বাসকে অন্য সবকিছুর ওপরে স্থান দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, ‘তিনি তার কল্পনার ভারতের জন্য লড়াই করছিলেন, আর আমি আমার কল্পনার ভারতের জন্য- আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ভারত, এমন একটি ভারত যা অন্তর্ভুক্তিমূলকতা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে দাঁড়ায়। এটি ব্যক্তিগত কিছু ছিল না।’
রাজনীতিতে মোদির উত্থান নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোনিয়া। তার মতে, মোদির রাজনৈতিক পথচলা তার নিজের অভিজ্ঞতার চেয়ে আলাদা। তবে প্রচলিত ক্ষমতাকেন্দ্রের প্রতি মোদির অস্বস্তির কিছু দিক তিনি বুঝতে পেরেছিলেন। দিল্লির অভিজাত মহলের রাজনৈতিক আলোচনা অনেক সময় সাধারণ মানুষের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মনে হতো তার।
নিজের নির্বাচনী এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতার কথাও লিখেছেন সোনিয়া। সেখানে মানুষের দুঃখ-কষ্ট ও জীবনসংগ্রাম দেখেছেন তিনি। তার মতে, সুবিধাপ্রাপ্ত শ্রেণির মানুষের কাছে এসব বাস্তবতা অনেক সময় কল্পনাতীত।
মোদির রাজনৈতিক ভাবমূর্তি নিয়েও মন্তব্য করেছেন সাবেক কংগ্রেস প্রধান। তার বক্তব্য, প্রচারমাধ্যমে মোদিকে সাধারণ পরিবার থেকে উঠে আসা হিসেবে উপস্থাপন করা হলেও তার শুরুর জীবন হয়তো ততটা সাধারণ ছিল না। তবে সুবিধাবঞ্চিত পরিবেশ থেকে আরএসএসের ভেতরে নিজের যোগ্যতায় ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন তিনি।
সংসদে মোদির বক্তব্যের ভাষা নিয়েও সমালোচনা করেছেন সোনিয়া। তার অভিযোগ, প্রধানমন্ত্রী মাঝেমধ্যে জনসভার কর্কশ ভাষা সংসদেও ব্যবহার করেন। বিরোধীদের উপহাস করার পাশাপাশি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও আক্রমণ করেন তিনি। সোনিয়ার মতে, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারত গঠনে নেহরুর ভূমিকার কারণেই তাকে রাজনৈতিক আক্রমণের লক্ষ্য করা হয়।
বইটিতে সংঘ পরিবারের বিভিন্ন ওয়েবসাইটে নেহরুকে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগও তুলেছেন সোনিয়া। বিজেপির ‘কংগ্রেস-মুক্ত ভারত’ স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, এর লক্ষ্য কংগ্রেস, দলটির নীতি ও আদর্শ থেকে মুক্ত ভারত প্রতিষ্ঠা করা। তার মতে, এই বিদ্বেষের পেছনে আরএসএসের আদর্শিক প্রভাব রয়েছে।
ধর্মবিশ্বাসের প্রসঙ্গে সোনিয়া তার শাশুড়ি ইন্দিরা গান্ধীর কাছ থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করেছেন। তিনি এমন ধর্মীয় বিশ্বাসের কথা বলেছেন, যা বিভিন্ন পথ ও মতকে গ্রহণ করে। মহাত্মা গান্ধীর অহিংসা ও ধর্মের ব্যাখ্যা থেকেও নিজের মূল্যবোধ গড়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ভারতের বর্ণপ্রথাজনিত নিপীড়ন ও বৈষম্যের কথাও তুলে ধরেছেন। তার মতে, বিভিন্ন সংস্কারক হিন্দুধর্মের ভেতরের ধারণা ব্যবহার করেই বর্ণপ্রথার কঠোর ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন।