![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়ার সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ সদস্য। ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যকে মঙ্গলবার ইংল্যান্ডের গ্লস্টার শহরের কাছ থেকে আটক করা হয়। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গুপ্তচরবৃত্তির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
মার্কিন সেনাসদস্য গ্রেপ্তারের ঘটনাটি এমন সময় ঘটল, যখন যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে ইরানের সম্ভাব্য হুমকির কারণে যুক্তরাষ্ট্র নিজেদের কয়েকটি সামরিক উড়োজাহাজ সরিয়ে নিয়েছিল।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, ৪১ বছর বয়সী সেনাসদস্যের গ্রেপ্তার গুপ্তচরবৃত্তির অভিযোগের সঙ্গে সম্পর্কিত। বিষয়টি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য উদ্বেগের কারণ।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচনও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ আমাদের মনে করিয়ে দেয়, প্রতিষ্ঠানের ভেতর থেকেই নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে এবং এ ধরনের হুমকি সব সময়ই বিদ্যমান।’
গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে গ্লস্টার শহরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদ দমন পুলিশের চলমান অন্য কোনো তদন্তের সঙ্গে এই আটকাদেশের সম্পর্ক নেই।
তবে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে মার্কিন জ্বালানি সরবরাহকারী একাধিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার পরদিনই গ্রেপ্তারের ঘটনা ঘটল। গত তিন মাসে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে দ্বিতীয়বারের মতো এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
গত সোমবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলে রয়্যাল এয়ারফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের কাছ থেকে পাওয়া হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগে গত সেপ্টেম্বরে নিরাপত্তা উদ্বেগে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকেও বোমারু বিমান সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স পরিচালিত এই ঘাঁটি মার্কিন বিমানবাহিনীও ব্যবহার করে। সরিয়ে নেওয়া বিমানগুলো দিয়েই ইরানে হামলা চালানো হয়েছিল।
পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছিল। তবে যুক্তরাজ্যে কোনো হামলা কিংবা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।
ফলে একই সময়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার এবং সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ঘটনায় যুক্তরাজ্যের ঘাঁটিগুলোর নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।