![]()
ইবি স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার ক্রিকেটে দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছেন তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়ার হয়ে ওয়ানডে ও চার দিনের ম্যাচ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ক্রিকেট থেকে এখনই দূরে সরে যাচ্ছেন না ‘দ্য বিগ শো’। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
গতকাল রাতে ক্রিকেট বিষয়ক পডকাস্ট ‘দ্য ফাইনাল ওয়ার্ড’-এ নিজের অবসরের সিদ্ধান্ত জানান ম্যাক্সওয়েল। তিনি বলেন, সিদ্ধান্তটি নেওয়ার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। তবে জীবনের কোনো এক পর্যায়ে যে এমন সিদ্ধান্ত নিতে হবে, সেটি আগে থেকেই জানতেন। এখন শরীরের প্রতি আরও যত্নশীল হতে চান তিনি। ক্যারিয়ারের বাকি সময় ভালোভাবে খেলা এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অবস্থান ধরে রাখার লক্ষ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ও ভিক্টোরিয়ার হয়ে দীর্ঘ সংস্করণের ক্রিকেট ছাড়ছেন।
অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮৬টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। এসব ম্যাচে তাঁর সংগ্রহ ৭ হাজার ২২৬ রান এবং উইকেট ১৩৬টি। সাতটি টেস্ট, ১৪৯টি ওয়ানডে ও ১৩০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
ওয়ানডেতে ম্যাক্সওয়েলের রান ৩ হাজার ৯৯০ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার ৮৯৭ রান। সংক্ষিপ্ত সংস্করণে তাঁর রয়েছে পাঁচটি সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচটি শতকের মালিক হিসেবে ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ম্যাক্সওয়েল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন এই অলরাউন্ডার।
ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তাঁর অপরাজিত ২০১ রানের ইনিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৯১ রানে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
সেই পরিস্থিতি থেকে একাই ম্যাচের গতিপথ পাল্টে দেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় অপরাজিত ২০১ রান করেন তিনি। পেশিতে টান লাগায় স্বাভাবিকভাবে দৌড়াতেও পারছিলেন না। তারপরও ব্যাটিং চালিয়ে যান। অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ২০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দেন।
গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল এই সংস্করণে তাঁর শেষ আন্তর্জাতিক উপস্থিতি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে শেষবার মাঠে নামেন তিনি। ওই ম্যাচে বল হাতে দুটি উইকেট পেলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি।
এরপর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। আসন্ন ইংল্যান্ড সিরিজের দলেও তাঁকে রাখেননি নির্বাচকেরা। অস্ট্রেলিয়া দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনাকে সমর্থন করেছেন ম্যাক্সওয়েল। আগামী ১২-২৪ মাসে জাতীয় দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও মনে করেন তিনি।
অবসরের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে একটি বিদায়ী ম্যাচ খেলার প্রত্যাশা ছিল ম্যাক্সওয়েলের। তবে সেই সুযোগ আর হচ্ছে না। এ নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন তিনি।
এখন শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চান এই অলরাউন্ডার। সেপ্টেম্বরে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে বেলফাস্ট উলভসের হয়ে খেলেছেন তিনি। সামনে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলার পরিকল্পনা রয়েছে তাঁর। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানলেও মাঠের খেলায় ম্যাক্সওয়েলকে আরও কিছুদিন দেখা যাবে।
পাঠকের মন্তব্য