![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচন ঘিরে একই নামের দুই প্রার্থীকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি জটিলতায় ট্রাম্প প্রশাসনের করা মামলা খারিজ করেছেন আদালত। ব্যালট পেপারে ‘ড্যান সুলিভান’ নামে দুজন প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে—এমন যুক্তিতে মামলাটি করেছিল মার্কিন বিচার বিভাগ। তবে আদালত মনে করেছেন, আলাস্কার ব্যালট আলাদা করা বা সেগুলো নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় সরকারের নেই।
মার্কিন ডিস্ট্রিক্ট জজ শ্যারন গ্লিসন মামলাটি খারিজ করে দেওয়া রায়ে বলেন, ড্যানিয়েল জে. সুলিভানের পক্ষে দেওয়া ভোটগুলো কীভাবে আলাদা করা হবে এবং ভোটারদের গোপনীয়তা বজায় রেখে কীভাবে তদন্ত চালানো হবে, সে বিষয়ে সরকার কোনো কার্যকর পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি।
বিচারক বলেন, আলাস্কার ভোটারদের গোপন ব্যালটে ভোট দেওয়ার অধিকার রয়েছে। তাঁদের দেওয়া ব্যালট আলাদা করে তদন্তের প্রস্তাব ভোটের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
এ ছাড়া মঙ্গলবারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র দুই দিন আগে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই মধ্যে বিপুলসংখ্যক ভোটার আগাম ভোট দিয়েছেন। শনিবার পর্যন্ত আলাস্কার নিবন্ধিত ভোটারদের প্রায় ১৫ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মামলা খারিজের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে নবম সার্কিট আপিল আদালতে যাওয়ার ঘোষণা দেয় মার্কিন বিচার বিভাগ। তাদের দাবি, ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একই ধরনের নামের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তবে মামলাটি খারিজের মধ্য দিয়ে এ অভিযোগের সত্যতা নিয়ে আদালত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।
গত ২২ অক্টোবর মামলাটি দায়ের করে মার্কিন বিচার বিভাগ। এতে আলাস্কা কর্তৃপক্ষকে এমন পরিস্থিতিতে নির্বাচনের ফল অনুমোদন বা সার্টিফিকেশন স্থগিত রাখার অনুরোধ জানানো হয়, যেখানে রিপাবলিকান সিনেটর ড্যান এস. সুলিভান পরাজিত হলেও অন্য ড্যান সুলিভানের পাওয়া ভোট যোগ করলে তিনি জয়ী হতে পারতেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নিজেই বিচার বিভাগকে মামলাটি দায়েরের নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান এস. সুলিভান রোববার সিএনএনকে বলেছেন, তিনি নির্বাচনের ফল মেনে নেবেন।
আলাস্কার এই সিনেট নির্বাচনে রিপাবলিকান ড্যান এস. সুলিভান, স্বতন্ত্র প্রার্থী ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র, ডেমোক্র্যাট মেরি পেল্টোলা এবং রিপাবলিকান জেরাল্ড হেইকস প্রতিদ্বন্দ্বিতা করছেন। ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র পিটার্সবার্গের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
গত সপ্তাহে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট দলের কয়েকজন নির্বাচনী সংগঠক রিপাবলিকান সিনেটরের ভোট ভাগ করার উদ্দেশ্যে একই ধরনের নামের প্রার্থী খুঁজতে কাজ করেছিলেন। তবে এ বিষয়ে পেল্টোলা ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। রয়টার্সও ওই প্রতিবেদনের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
নির্বাচনে কথিত প্রার্থী নিয়োগের প্রচেষ্টা নিয়ে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ে পৃথক তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয়নি।
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই আসনসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী এলাকার ফলাফলের ওপর নির্ভর করছে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।
পাঠকের মন্তব্য