![]()
ইবি রিপোর্ট
সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে আগাম প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, নির্মাণকাজে জাতীয় বিল্ডিং কোড মানা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে তাঁর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানান।
সভায় প্রধানমন্ত্রী রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন। এ লক্ষ্যে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার পাশাপাশি নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি।
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তারেক রহমান। জরুরি পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সরঞ্জামের পর্যাপ্ততা যাচাই এবং উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
একই সঙ্গে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনায় আগাম প্রস্তুতি, নিরাপদ অবকাঠামো এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আয়োজিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু সভায় অংশ নেন।
সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য