![]()
ইবি রিপোর্ট
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় তাঁদের কর্মবিরতি ও বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় একটি কাভার্ডভ্যানে আগুন দেন বিক্ষোভকারীরা। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিউএজ গ্রুপের একটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কারখানা থেকে বের হয়ে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার সামনে গিয়ে প্রতিবাদ জানান তাঁরা। পরিস্থিতির কারণে এসব কারখানার কয়েকটিতে ছুটি ঘোষণা করা হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা হা-মীম গ্রুপের একটি কারখানার সামনে অবস্থান নেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর শ্রমিক ও পুলিশের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হন।
অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে কাঠগড়া সড়কের পাশে বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেডের কারখানার সামনেও বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় কারখানাটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে জিরাবো থেকে কাঠগড়া সড়কের বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ চালিয়ে যান তাঁরা। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার কয়েকটি কারখানায়ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ঘোষবাগ এলাকায় বিভিন্ন কারখানার সামনে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়।
বেলা সাড়ে ১১টার দিকে নরসিংহপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। পরে দুপুর ১টার দিকে একই এলাকায় আবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আশুলিয়া ও সাভার এলাকার অনেক কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় শ্রমিকেরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে গেছেন। আশপাশের যেসব কারখানায় কাজ চলছিল, সেখান থেকেও শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনেক শ্রমিক সড়কে নেমে ব্যারিকেড দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন এবং যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করছেন। নরসিংহপুর, বিশমাইল ও কাঠগড়া এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলনে অনেক বহিরাগত দুষ্কৃতকারী যোগ দিয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
পাঠকের মন্তব্য