![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের চামড়া, নন-লেদার পণ্য, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ শিল্পে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণে শুল্ক ও কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি অতিরিক্ত শুল্ক কমানোর বিষয়েও দেশটির সহযোগিতা চেয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলের হিলটন হোটেলে দেশটির বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তুরস্কের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য উৎপাদন, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে তুর্কি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
বাংলাদেশের এসব খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি তুর্কি ব্যবসায়ীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত করার ক্ষেত্রেও এ ধরনের বিনিয়োগ সহায়ক হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব বাধা দূর করার পাশাপাশি অতিরিক্ত শুল্ক কমাতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সহযোগিতা চান তিনি।
বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণে বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা নিরসনকে প্রয়োজনীয় বলে উল্লেখ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ ও তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন।
পাঠকের মন্তব্য