![]()
ইবি রিপোর্ট
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’। একই সঙ্গে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাবে সংগঠনটি।
আগামী ১৮ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে (তৃতীয় তলা) সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি তুলে ধরার পাশাপাশি সেগুলো বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করা হবে।
পরিষদের ঘোষিত তিন দফা দাবির প্রথমটি হলো, সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা। দ্বিতীয় দাবিতে চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা স্থায়ীভাবে দূর করার কথা বলা হয়েছে। তৃতীয় দাবিটি হলো, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং অর্থ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব দাবি ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হবে।
এ বিষয়ে পরিষদের সভাপতি মো. মাহবুবর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার সূতিকাগার এবং শিক্ষকরা প্রজন্ম গড়ার প্রকৃত কারিগর। কিন্তু সরকারের আশ্বাস ও প্রতিশ্রুতি থাকার পরও শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার অনতিবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নেবে এবং প্রাথমিক শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’
পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষকদের বেতন কাঠামো উন্নীত করা, চাকরির নির্দিষ্ট সময় পর উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং পদোন্নতির সুযোগ নিশ্চিত করা তাদের মূল লক্ষ্য। এসব দাবির পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। সংগঠনটির সভাপতি আশা প্রকাশ করেছেন, সরকার শিক্ষকদের দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পাঠকের মন্তব্য