![]()
ইবি রিপোর্ট
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। এসব দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশায় যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার বেলা ১২টার দিকে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে তারা কর্মসূচি শুরু করেন।
যুবশক্তির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন এবং এতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ করা, মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা।
ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘প্রশ্নফাঁস বন্ধ করো, মেধার অধিকার নিশ্চিত করো’ স্লোগান দেন। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় জাতীয় যুবশক্তি।
পরে বেলা পৌনে ১টার দিকে পাঁচ দফা দাবি জানিয়ে ঘেরাও কর্মসূচি শেষ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম সমকালকে বলেন, শনিবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে বোঝা যায়, বর্তমান সরকার কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের নিয়ে ভাবছে না। বরং তারা নিয়োগ বাণিজ্য করছে।
তিনি বলেন, এত বড় একটি ঘটনার পরও যুব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী আমিনুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে তার পদত্যাগ দাবি করছে জাতীয় যুবশক্তি। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন বলেও জানান তিনি।
সংগঠনটির নেতাদের বক্তব্য অনুযায়ী, পাঁচ দফা দাবির মূল লক্ষ্য নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাত বন্ধ করা, মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ আদায় করা। এ জন্য প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
পাঠকের মন্তব্য