![]()
ইবি রিপোর্ট
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৯ সালের জন্য ছয়জন, ২০২০ সালের জন্য পাঁচজন এবং ২০২১ সালের জন্য পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত মনোনয়নের এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তালিকাভুক্ত শিক্ষার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আপত্তি বা বক্তব্য থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা জানাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটের সম্মাননা সেবাবক্সে থাকা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লিঙ্কে পাওয়া যাবে। তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর লিখিতভাবে অথবা ই-মেইলের মাধ্যমে জানাতে হবে।
নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। ফলে প্রকাশিত তালিকাটিকেই চূড়ান্ত তালিকা হিসেবে বিবেচনা করা হবে।
২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্তভাবে মনোনীত ছয়জন হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো. সাগর ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. ইসমাইল হোসাইন রিদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সুরাইয়া বিনতে রফিক, অর্থনীতি বিভাগের মিতু রানী রায়, আইন বিভাগের মাহমুদা আমির ইভা এবং মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার। তাঁরা সবাই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২০ সালের জন্য মনোনীত পাঁচজন হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অনুরাধা পাল, মার্কেটিং বিভাগের মো. নয়ন হোসাইন, গণিত বিভাগের তাসলিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মাহাবুবুল আলম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আনিক মিয়া। তাঁরা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২১ সালের তালিকায় রয়েছেন ইংরেজি বিভাগের রুনা আক্তার, পরিসংখ্যান বিভাগের রেহানা আক্তার তামিম, নৃবিজ্ঞান বিভাগের লায়লা নিগার তানভী, আইন বিভাগের হামিদা সুলতানা এবং ফার্মেসি বিভাগের মৌসুমি আক্তার মিতু। তাঁরা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দিতে ইউজিসি প্রবর্তিত একটি পুরস্কার। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৫ সালে এ পদক চালু করা হয়। বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জন এবং প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থীদের এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিশ্ববিদ্যালয়টির ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনয়নের কথা জানানো হয়। তাঁদের ১ অক্টোবর ২০২৬ তারিখ অফিস চলাকালীন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল।
এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
পাঠকের মন্তব্য