![]()
ইবি রিপোর্ট
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বাদ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদনের খবর প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রুপটির দুই কোম্পানির শেয়ারে বড় উত্থান দেখা গেছে। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর দিনের অনুমোদিত সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।
ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৩ মিনিট পর্যন্ত বেক্সিমকোর শেয়ারদর ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রতিটি শেয়ারের দাম ২ টাকা বেড়ে ২২ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়।
একই সময়ে শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ১০ পয়সা বেড়ে ২৩ টাকা ৯০ পয়সায় পৌঁছেছে।
একটি নির্দিষ্ট কার্যদিবসে কোনো শেয়ারের দাম অনুমোদিত সর্বোচ্চ সীমায় পৌঁছালে ওই শেয়ারের লেনদেনে স্বয়ংক্রিয়ভাবে হল্ট কার্যকর হয়। বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রেও দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর এ ধরনের হল্ট কার্যকর হয়েছে।
নতুন পর্ষদের অনুমোদনের পর উত্থান
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সালমান এফ রহমানকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসের জন্য নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন দেওয়ার খবর প্রকাশের পরই কোম্পানি দুটির শেয়ারে এই উত্থান দেখা যায়।
এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে অপসারণ করা হয়েছিল। নতুন অনুমোদনের মধ্য দিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি থেকেই তার অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হলো।
পরিচালনাগত জটিলতা কাটাতে পর্ষদ পুনর্গঠন
প্রতিষ্ঠানের পরিচালনগত অচলাবস্থা নিরসন, দীর্ঘদিনের আইনি ও নিয়ন্ত্রণমূলক জটিলতার সমাধান এবং কারখানাগুলোর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু করার স্বার্থে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল বেক্সিমকো গ্রুপ।
নতুন পর্ষদ অনুমোদনের খবরের পর ডিএসইতে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যায়। দুপুর ১২টা ৪৩ মিনিট পর্যন্ত উভয় কোম্পানির শেয়ারই দিনের অনুমোদিত সর্বোচ্চ সীমায় লেনদেন করছিল।