![]()
ইবি রিপোর্ট
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ার মধ্যেই শ্রমজীবী মানুষের আয়ের প্রবৃদ্ধি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, সেপ্টেম্বরে দেশের সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে উঠেছে। একই সময়ে জাতীয় সাধারণ মজুরি সূচক কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ শতাংশে।
বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত বিবিএসের সেপ্টেম্বরের মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগস্টে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ।
অন্যদিকে আগস্টে জাতীয় সাধারণ মজুরি সূচক ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। সেপ্টেম্বরে তা কমে ৭ দশমিক ৯ শতাংশে নেমেছে। অর্থনীতির প্রধান তিন খাত—কৃষি, শিল্প ও সেবা—সবখানেই মজুরি সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
খাদ্যপণ্যে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে ভোক্তাদের ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে খাদ্যপণ্যের দাম। বিবিএসের হিসাবে, এ মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৭ দশমিক শূন্য ২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশ।
ফলে মাছ, মাংস, ভোজ্যতেল, ডাল, লবণ ও বিভিন্ন ধরনের শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে ভোক্তাদের।
তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, আগস্টে যা ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। যদিও গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি
অঞ্চলভেদে মূল্যস্ফীতির চিত্রেও পার্থক্য রয়েছে। সেপ্টেম্বরে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি রেকর্ড হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। শহরাঞ্চলে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।
অর্থাৎ শহরের তুলনায় গ্রামাঞ্চলে পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয়ের চাপ কিছুটা বেশি ছিল। এর সঙ্গে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের ওপর আয়ের তুলনায় ব্যয়ের চাপ আরও বেড়েছে।
কৃষি, শিল্প ও সেবা খাতে মজুরি কমেছে
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি সূচক কমে ৭ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।
শিল্প খাতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। আগস্টে এ খাতের মজুরি সূচক ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ। সেপ্টেম্বরে তা কমে ৭ দশমিক ৮৬ শতাংশে নেমেছে।
সেবা খাতে মজুরি সূচকও কমেছে। আগস্টে এ খাতে মজুরি সূচক ছিল ৮ দশমিক ২৫ শতাংশ। সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৮ দশমিক শূন্য ৭ শতাংশে।
ফলে একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বাড়ছে, অন্যদিকে শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধির হার কমছে। এই দুইয়ের সমন্বিত প্রভাবে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন ব্যয় সামলানোর চাপ আরও বেড়েছে।