
ইবি রিপোর্ট
জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তে দূরত্ব অনুযায়ী কিলোমিটারপ্রতি যাত্রীভাড়া বাড়ানোর পাশাপাশি ন্যূনতম ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার জানানো হয়। ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী এ ভাড়া কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানে যাত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে
নতুন হার অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২২ পয়সা বাড়ানো হয়েছে। আগে এই দূরত্বে প্রতি কিলোমিটার ভাড়া ছিল ২ টাকা ৯৫ পয়সা। নতুন হিসাবে তা বেড়ে হয়েছে ৩ টাকা ১৭ পয়সা।
প্রথম ১০০ কিলোমিটারের পরের দূরত্বের ক্ষেত্রেও ভাড়া বাড়ানো হয়েছে। এ অংশে প্রতি কিলোমিটারে আগের ভাড়া ছিল ২ টাকা ৫২ পয়সা। নতুন সিদ্ধান্তে ১৯ পয়সা বাড়িয়ে তা ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।
দূরত্ব অনুযায়ী ভাড়া বৃদ্ধির পাশাপাশি নৌপথে চলাচলের ক্ষেত্রে সর্বনিম্ন যাত্রীভাড়াও পুনর্নির্ধারণ করেছে সরকার। আগে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। নতুন সিদ্ধান্তে তা ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
নতুন ভাড়ার তালিকা যাত্রীদের জন্য দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব নদীবন্দর টার্মিনাল এবং সংশ্লিষ্ট নৌযানের দৃশ্যমান স্থানে এই তালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে রাখতে হবে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নৌযানের ভাড়া নির্ধারণের বিষয়ে আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ নতুন নির্দেশনার মাধ্যমে বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে পুনর্নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী নৌপথে যাত্রী পরিবহন করতে হবে।