
ইবি রিপোর্ট
বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওইইবি (OeEB)-এর সঙ্গে ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
চুক্তির আওতায় পাওয়া অর্থ যোগ্য এমএসএমই উদ্যোক্তাদের ঋণ হিসেবে বিতরণ করা হবে। এর মাধ্যমে ব্যবসার প্রবৃদ্ধি, সম্প্রসারণ, বিনিয়োগ এবং চলতি মূলধনের প্রয়োজন মেটাতে উদ্যোক্তারা অর্থায়নের সুযোগ পাবেন।
নতুন এই অর্থায়ন সুবিধার মাধ্যমে এমএসএমই খাতের ঋণপ্রাপ্তির সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ খাতের অর্থায়ন সক্ষমতাও জোরদার হবে।
এই অর্থায়ন সুবিধাকে বাংলাদেশে এমএসএমই খাতে অর্থায়নের সুযোগ বাড়ানো এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ওইইবি ও প্রাইম ব্যাংকের যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
অস্ট্রিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে ওইইবি উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারগুলোতে টেকসই ও ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিনিয়োগে সহায়তা করে থাকে।
প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে বিভিন্ন আকারের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রচলিত ও ইসলামি ব্যাংকিংয়ের আওতায় বিভিন্ন ধরনের অর্থায়ন সুবিধা দিয়ে আসছে। এমএসএমই খাতে দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের বেসরকারি খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখাকে ব্যাংকটি গুরুত্ব দিয়ে আসছে।
নতুন এই ঋণসুবিধা এমএসএমই খাতের পরিবর্তনশীল অর্থায়ন চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটি বাংলাদেশের বেসরকারি খাতের টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে।
ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ইলকা ভোগেল উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য