
ইবি রিপোর্ট
নীতি সুদহার (পলিসি রেট) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা, দেশে সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক অভিঘাতের প্রভাব পর্যবেক্ষণ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
সভায় দেশের অভ্যন্তরীণ ও বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এমপিসি। কমিটি জানায়, সাধারণ মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী হলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে এখনো বেশি।
এমপিসি মূল্যস্ফীতিতে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে এমন কয়েকটি ঝুঁকিও চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত সংঘাত, যা বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে। দেশের বাজারে সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোও মূল্যস্ফীতির জন্য একটি ঝুঁকি হিসেবে বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ছাড়া সরকারি কর্মচারীদের নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ফলেও মূল্যস্ফীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে এমপিসি।
এই পরিস্থিতিতে নীতি সুদহারে পরিবর্তনের আগে দেশীয় ও আন্তর্জাতিক এসব অভিঘাত বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকের মূল্যস্ফীতিতে এসব ঘটনার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এমপিসি।
সভায় এমপিসির সদস্য ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মুস্তফা কামাল মুজেরী, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহার এবং মুদ্রানীতি বিভাগের (এমপিডি) নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য