
ই-বাংলাদেশ ডেস্ক:
খেলাপি ঋণ আদায় এবং ব্যাংকের আটকে থাকা অর্থ উদ্ধারে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক প্রায় ১০ হাজার মামলা করেছে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এসব মামলা করা হয়েছে। একই সঙ্গে আরও মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
ঋণ আদায় ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের (বিআরডি) সভায় এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় পাঁচটি ব্যাংক একীভূতকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পরিচালন কার্যক্রম সমন্বয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সমঝোতার মাধ্যমেও ঋণ আদায়ের উদ্যোগ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, খেলাপি ঋণ আদায়ে শুধু প্রচলিত আইনি ব্যবস্থা নয়, এক্সিট পলিসি ও অলটারনেটিভ ডিসপিউট রেজল্যুশনের (এডিআর) মতো সমঝোতাভিত্তিক বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর মাধ্যমে দ্রুত ঋণ আদায় ও বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে।
এদিকে আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পরিচালিত ফরেনসিক অডিটও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পুনর্গঠনে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। গত ১৬ জুলাই ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয় সমন্বয়ের কাজ চূড়ান্ত করা হয়েছে।
পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), সুইফট ও আরএমএসহ তথ্যপ্রযুক্তি অবকাঠামো একীভূত করার কাজও এগিয়ে চলছে। আমানতকারীরা যাতে পাঁচটি ব্যাংকের যেকোনো শাখা থেকে তাঁদের আমানতের অর্থ তুলতে পারেন, সে জন্য একটি কমন ইন্টারফেস চালুর কাজও সম্পন্ন হয়েছে।
৭৮০ শাখা ও ১,৫০০ ব্যবসায়িক ইউনিট একীভূতকরণের কাজ চলছে
ব্যাংকটির শাখার অবস্থান, ব্যবসায়িক সম্ভাবনা, গ্রাহকসেবা ও পরিচালন ব্যয় বিবেচনায় ৭৮০টি শাখা এবং ১ হাজার ৫০০টি ব্যবসায়িক ইউনিটের একীভূতকরণ ও পুনর্বিন্যাসের কাজ চলমান রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, ঋণ আদায়, মামলা নিষ্পত্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, শাখা ও ব্যবসায়িক ইউনিট একীভূতকরণ এবং প্রযুক্তিগত সমন্বয়ের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে বিআরডি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির সুশাসন ও পরিচালন দক্ষতা বাড়বে, খেলাপি ঋণ আদায় দ্রুত হবে এবং পরিচালন ব্যয় কমবে। একই সঙ্গে ব্যাংকে আটকে থাকা অর্থ উদ্ধার করে তা উৎপাদনশীল খাতে পুনঃপ্রবাহিত করা সম্ভব হবে।
পাঠকের মন্তব্য