
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যম খাতে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকার রুশ হাউসে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল অংশ নেয়।
টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়ের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দুই দেশের বিজ্ঞান, প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যমের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশ ও রাশিয়ার সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে যৌথ মিডিয়া কর্মশালা, মাস্টারক্লাস, পেশাগত প্রশিক্ষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
রুশ হাউসের পরিচালক এসব উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। এর মাধ্যমে দুই দেশের প্রযুক্তি ও বিজ্ঞান সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে রুশ হাউসের নিয়মিত কার্যক্রম সম্পর্কেও প্রতিনিধিদলকে অবহিত করেন আলেকজান্দ্রা এ. খলেভনয়। তিনি রাশিয়া সরকারের বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ, রুশ ভাষা শেখার বিভিন্ন কোর্স এবং আন্তর্জাতিক অনুষ্ঠান ও স্বল্পমেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের শিশু, তরুণ ও পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ তুলে ধরেন।
এ ছাড়া বাংলাদেশ ও রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেলে প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ে তথ্য বিনিময়ের ক্ষেত্রও আরও শক্তিশালী হতে পারে বলে বৈঠকে মত উঠে আসে।
বৈঠকে টিএমজিবির সহসভাপতি কুমার বিশ্বজিৎ রায় ও মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী এবং নির্বাহী সদস্য নাজমুল হোসেন ও রহিম শেখ উপস্থিত ছিলেন।
টিএমজিবির প্রতিনিধি দলের সদস্যরা রুশ হাউসের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান। ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার প্রযুক্তি সাংবাদিকতা এবং গণমাধ্যম খাতের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মন্তব্য